Skip to main content

বাংলার ৫ এবং...


এখন কেমন হড় হড় করে সব লিখে ফেলছি সবাই ! বাংলা –ইনরিজি – ১,২,৩...সংখ্যা । কিন্তু সেতো এত্ত এত্ত বছর কলম ঘসে ঘসে তবেইনা ! কিন্তু চিরকালই কি এরকম ছিলো ? না, আলবাত না । এই অক্ষর বা সংখ্যার কিছু বিশেষ বিশেষ চরিত্র ছিলো যারা আমায় বেশ বেগ দিয়েছে ,অপদস্থ করেছে পদে পদে । প্রথমেই যেমন মনে পড়ছে বাংলার ‘৫’ সংখ্যাটি ! এমনিতে এই সংখ্যাটিকে দেখলে মনে হয় নিতান্তই নিরীহ প্রকৃতির ,কোনো সাতে ৫এ থাকেনা ! কিন্তু ওই , যাকে বলে ‘পেটে পেটে’- ইনিও সেরকম । মা ,ইশকুলের দিদিমণি বার বার হাতে ধরে লিখিয়ে দিলেও কি এক অদ্ভুত ফর্মুলায় সেটা কিছুটা কাজুবাদাম ,কখনও বা কমলালেবুর কোয়ার মতো হয়ে যেত – এরহস্য কিছুতেই ভেদ হয়নি । শেষে একটা বুদ্ধি বের করি নিজেই , ‘৬’ লিখে লেজটা জুড়ে দিতে থাকলাম মাথার সঙ্গে – একবারে ল্যাজামুড়ো যাকে বলে । এতে দেখলাম বেশ কাজ হলো । গম্ভীর হলেও কানমলা থেকে দিদিমণিরা বিরত হলেন । সত্যি বলতে কি এখনও ওই থিওরি চালিয়ে যাচ্ছি । এবার আর এক জটিল চরিত্রের কথায় আসা যাক , সেটি হলো বর্গীয় ‘জ’ , আরও জ্বালা যদি এর সঙ্গে অন্য অক্ষর যুক্ত হয় ! যেমন ‘জ্ঞ’। সেই একই ব্যাপার ! ‘জ’ লিখে পিঠে একটা পুঁটলি এঁকে দিয়ে কাজ চালিয়ে গেলাম চিরকাল । ‘স’ আর ‘ঘ’এও চিরকাল আমি গুলিয়ে ফেলতাম । আমি যতই বলি ওটা ‘স’ ...দন্তের-স ...কেউ বিশ্বাস করেনা ! আসলে দোষটা আমার অক্ষর আঁকার ত্রুটির ,শেষ ফর্মুলা হলো এরকম ইংরেজির ‘S’ লিখে পাশে একটা দাঁড়ি টেনে আড়াআড়ি জুড়ে মোটামুটি ‘স’ লেখাটা ম্যানেজ করা শেখানো হলো আমায় । এরকম ফর্মুলার গল্প নিশ্চয়ই অনেকেরই আছে । কারণ এটা কিন্তু হলফ করে বলাই যায় সত্যি করে ছাপা হরফের হুবহু আমরা লিখি কি ! লিখিনা । এবং এই না-লেখার সবারই নিজের নিজের লিখন-পদ্ধতি আছে । যার লিখন পদ্ধতি দৃষ্টিনন্দন হলে আমরা তার ‘হাতের লেখা ভালো’ বলি । এটা কিন্তু ভারি অন্যায় । অনেকটা ওই ‘ফর্সাকরে’ সুন্দরকরে মেয়েটা/ছেলেটা বলার মতোই – মানে ফর্সা হলেই সে সুন্দর ! আহা , আমি কি বলি , যার লেখা কিছু কিছু দিকভ্রান্ত ( ওই যাকে ‘কাগের ঠ্যাং-বগের ঠ্যাং’ বলে আমরা অপমান করি আরকি) সেওতো নিজের মতোই লিখছে ! হয়তো তেমন ‘সুন্দরকরে’ নয় । আমার এক বন্ধু ইতিহাস পরীক্ষায় ৮ থেকে ১০টা পাতা নিত ,যেখানে আমি বড়জোর দুটো – কারণ তার সহজ থিওরি ছিলো – লেখা বড় বড় হতে হবেই যাতে করে এগজামিনার সবটা ঠিক ঠাক পড়তে পারে(বা ক্লান্ত হয়ে না পড়েই নম্বর দিয়ে দেয়) । অবশ্য এর পিছনে আমাদের স্কুল সময়ের একটা চাপা কারণও ছিলো যা ও চেপে যেত – সেটা হচ্ছে বিশেষ করে ইতিহাস পরীক্ষায় খুব লিখতে হয় , তাই বুঝতে হবে যে যত পাতা নিচ্ছে সে ততো ভালো পরীক্ষা দিচ্ছে । এই ব্যাপারটায় আমি পিছিয়েই থাকতাম ,কারণ আমি স্বভাব কুঁড়ে । কি করে নম্বর পেতাম কম লিখেও সে অন্য রহস্য,অন্য গল্প আজ থাক ।
ইংরেজির অক্ষরেরা তুলনায় কম কম জটিল চরিত্রের হলেও কম যায়না , এরাও বিস্তর ভুগিয়েছে । যেমন ‘G’ ,  সে কি সমস্যা ! গোল পাকিয়ে আবার মাঝে একটা খোঁচ দিতে গিয়ে একদম জিলিপি ! ছোট হাতের ‘b’ আর ‘d’ পেটটা হামেশাই উলটো হয়ে যেত ,বেশ কিছুদিন লেগেছে রপ্ত করতে । ছোটো ‘a’এও কিছু কম ছিলো না ! যেমন দেখাচ্ছে ওরকমতো লিখতাম না ,গোল পাকিয়ে একটা ছোট্ট লেজ টেনে দিতে হতো ডানদিকে নিচে , ছোট ‘o’ ক্ষেত্রে আবার লেজবিহীন ব্যবস্থা ।  এবার ‘o’ এর সঙ্গে অন্য অক্ষর জুড়তে গেলেই বিপত্তি যেইনা একটা টান দিয়েছি সেটা হয়ে গেল ‘a’! ব্যাস বানানভুল !  চারে লাইনের সেই ইংরেজি খাতা , মাঝে লাল দুপাশে নীল । কিছু অক্ষর লিখতে হবে মাঝের দুলাইনে ,আর কিছু অক্ষরের লেজ-মাথা ছোঁবে ওপরের ও নিচের লাইনেও খনওবা মাঝে ও শুধু ওপরে । বেশ কঠিন ব্যাপার রপ্ত করা । যাইহোক , এভাবেই লিখতে লিখতে লেখা শিখে গেলুম । কিন্তু এখন শেখাতে গিয়ে টের পাচ্ছি কি কঠিন কাজ এটা । বিচিত্র আকারের বিভিন্ন অক্ষর , তাদের আবার আরও বিচিত্র প্রয়োগ ক্ষেত্র বিশেষে জিভের উচ্চারণের সঙ্গে যোগাযোগ রেখে লিখে ফেলা নেহাত কম পরিশ্রম নয় একটা নতুন অক্ষর চিনতে থাকা ছোট্ট মগজের পক্ষে , তার কাছে এই বিচিত্র আঁকিবুকির বর্ণমালা চিনে শব্দ গঠন করা ,বা চেনা শব্দগুলি অক্ষরে রূপান্তর করা কম কঠিন কাজ নয় । আমরা ঘষটে ঘষটে রিম রিম কাগজের অন্ত্যেষ্টি করে এখন বেজায় অহংকারী হয়েছি –ভাবছি বড্ড দেরী করছে অক্ষর লিখতে , শব্দ গঠন করতে । ঠ্যালাটা বুঝতাম যদি কোনোদিন কোনও ভিনগ্রহের প্রাণীরা এসে আমাদের অপহরণ করতো ,নিয়ে যেত তাদের গ্রহে ! আর মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে চাপিয়ে বলতো ‘ব্যাটা আমাদের  অ আ ক খ শেখ তাড়াতাড়ি ...’। কচি মগজের কাছে এসব ভিনগ্রহের বিচ্ছিরি ব্যাপার স্যাপার ছাড়া আর কি !

এসব নিয়ে ভাবনায় কি ঘুম আসে! যাহোক একসময়ে ঘুমিয়ে পড়লাম সেদিন । মাঝরাতে দেখলাম জানলায় কারা যেন উঁকি দিচ্ছে বার বার ... দেখলাম ব্যাঁকামুখো বাংলার ৫ , ইংরেজির জটিল ‘G’, আরও সব কারা যেন দাঁত বের করে ডাকছে আর বলছে ‘ আয় ইশকুল যাবি ?...’  ধড়ফড় করে ঘুম ভেঙে গেলো , গলগল করে ঘামছি, ঐ দুঃস্বপ্ন দেখলে যেমন হয় আরকি !   .

Comments

  1. অসাধারণ। আমি d লিখে হাত ওপরে দিতে গিয়ে ভুলে গিয়ে এখনও g লিখে ফেলি। টাইপের সময় ভাবলাম আর সেসব হবে না। কিন্তু সেখানেও এক ঘর কেস। দুটো অক্ষরই F -এর দুদিকে। ফলে তাড়াহুড়োয় এখনও......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অধর্ম

[ আমরা কেউ ধর্মে বিশ্বাস করি, কেউ হয়তো ধর্মকে পরিত্যাগ করিনি, কিন্তু ধর্ম নিয়ে মাথাও ঘামাই না, কেউ কট্টর নাস্তিক আবার কেউ বা ধর্মনিরপেক্ষ - কিন্তু একটা জায়গায় আমাদের গভীর মিল আছে, আমরা সবাই বাকস্বাধীনতায় প্রবলভাবে বিশ্বাসী। আর সেই জন্যই রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়রা যে কথাগুলো বলতে চেয়ে প্রাণ হারালেন, সে কথাগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। ওঁদের সঙ্গে আমাদের মতাদর্শের মিল আছে কি নেই সেটা এই মুহূর্তে অবান্তর প্রশ্ন। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে সারা বিশ্ব জুড়ে একাধিক ব্লগার কিবোর্ড নিয়ে বসেছেন, সেই লেখাগুলো সঙ্কলিত করে দেওয়া হল পাঠকদের জন্য - তালিকাটি দেখা যাবে এই ব্লগপোস্টের শেষে।]    কি বলি বলুন তো  !এমন কিছু নতুন তো বলতে পারছি না যা আগে শোনেননি বা পড়েননি । এই নির্দিষ্ট  বিষয় নিয়ে হাজার হাজার শব্দ উচ্চারিত হয়েছে , লেখা হয়েছে । কেউ কিছু একটা লিখবে ,তার মতে , তার বিশ্বাস থেকে কিংবা বলবে- অমনি ঘাড়ে পড়বে 'চাপাতি' ! বেশ নাম ডাক হয়েছে ইদানীং এই যন্ত্রটির । কুপিয়ে দিয়ে তবে...

শব্দ-কল্প-দ্রুম

আপনারা মানবেন কিনা জানিনা ,কিন্তু আমার যেন মনে হয় প্রত্যেক পাড়ার , প্রত্যেক মহল্লার , প্রত্যেক শহরের যেন একটা আবহ আছে! যেমন আছে গন্ধ - বর্ণও । আমি তো তাই বুঝি যাকিছু ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে । আমাদের রোজকার যাপনের পরিমণ্ডলে কিছু শব্দ ব্রম্ভ দিব্যি জেগে থাকে প্রতিদিনের নিত্যতা বোঝানোর জন্য বোধহয় । আমরাও অভ্যস্ত হয়ে পড়ি , এর কোনো একটা যদি কোনদিন বন্ধ থাকে একটু অন্য রকম লাগে,অবচেতনে প্রশ্ন জাগে , হয়তো আলাদ করে কিছু বুঝলাম না তবু কি একটা যেন নেই !  বেশ জটিল হয়ে যাচ্ছে তাই না ! মোদ্দাকথা কিছু শব্দ বা শব্দব্রম্ভ আমাদের অভ্যাসে থাকে রোজকার জীবন যাপনে , যা দিয়েও আমরা আমাদের পরিচিত নিজস্ব এলাকা, বাড়ি , একান্ত নিজস্ব ঘরটিকে চিহ্নিত করি , শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে নয়, শ্রুতি দিয়েও ।  এর সব শব্দ আমার বা আপনার ভালো লাগতে পারে , নাও লাগতে পারে , কিন্তু অভ্যাসে থাকছে । যেমন রোজ সকালে লক্ষীমাসির কলতলায় চিৎকার করে কথা বলা , মাছ বিক্রেতা ছেলেটির এক অদ্ভুত টানে ‘মাআআআছ চাই মাআআছ...” ডাক , রাস্তা দিয়ে টোটোওয়ালার “টেশন টেশন” আমন্ত্রণ , গাড়ির হর্নের কথা আর কি বলি ! সামনের মন্দিরে পেন ড্রাইভে বেজে...

ধর্ম ও ষাঁড়

...মুশকিল হচ্ছে  ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন  এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন  এরাও ওই নিয়মের মতোই - ঠিক যতটা আপনি মানবেন । কি একটু সন্দেহ হচ্ছে তো! মনে করছেন ব্যাটা নির্ঘাত নেশা করে কি বোর্ড থাবড়াচ্ছে !  না: , বিলকুল হোশ আউর আওয়াজ মে ... হতে পারে এটা একটা আগামী দুর্গাপূজার থিম হতে চলেছে। ষাঁড়ের ব্যাপারটা নিয়ে প্রথমে মাথা ঘামিয়ে দেখলাম , হ্যাঁ ঠিক তাই ! সেই একই রকম আপাত শান্ত  দূর থেকে কিন্তু যেইনা কাছে গেছেন মেজাজ দেখিয়ে বিচ্ছিরি ব্যাবহার করবে । একান্ত শিং এ তুলে থ্রো না করলেও খুব রুঢ় ব্যাবহার করবেই । একমাত্র গাই দেখলে ও মুফতের আনাজপাতি দেখলে এনারা একটু বিগলিত হন । তখন হাঁকপাঁক করে এক খাবল আনাজ তুলে নিয়ে মাথা নেড়ে টেরে দুল্কিচালে চলে যান , গাই দেখলে বেশ স্পোর্টি হয়ে লাফ-ঝাঁপ করতে থাকেন । খবরদার ! এই সময়ে ত্রিসীমানায় থাকবেন না , তাহলে হাওয়া টাইট ।  এদিকে ধর্মেরও আবার দুটো কান, দুটো শিং , এবং  এঁড়ে ! দুকানে যদি তেমন অধর্মের কথা শোনে অনেকটা লাল কাপড় বা ছাতা খোলা দেখে ষাঁড়ের মতোই শিং বাগিয়ে তেড়ে আ...